টেকসিঁড়ি রিপোর্ট : অ্যাপ স্টোর (App Store) থেকে আয় আরও বাড়ানো এবং প্ল্যাটফর্মটি থেকে কোম্পানির রাজস্ব বৃদ্ধির নতুন উপায় খুঁজছে অ্যাপল। উল্লেখ্য, অ্যাপ স্টোর থেকে অ্যাপল বর্তমানে বছরে আনুমানিক ৩০ বিলিয়ন ডলার আয় করে।
ব্লুমবার্গের মার্ক গুরম্যান তার সাম্প্রতিক পাওয়ার অন নিউজল্যাটারে লিখেছেন , অ্যাপলের নতুন নিযুক্ত সিইও জন টার্নাস (John Ternus) এবং সার্ভিসেস প্রধান এডি কিউ (Eddy Cue) অ্যাপ স্টোরের মার্জিন বাড়ানোর প্রচেষ্টার পেছনে রয়েছেন।
আকর্ষণীয় বিষয় হলো, গুরম্যান এই পদক্ষেপটিকে অ্যাপল ফেলো ফিল শিলার এর অ্যাপ স্টোর পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ানো এবং অন্যান্য অনির্দিষ্ট প্রকল্পে কাজ করার সিদ্ধান্তের সাথে যুক্ত করেছেন।
শিলারের বয়স এখন ৬৬ এবং অবসর গ্রহণের দিকে যাচ্ছেন, তিনি “মনে করছেন যে এ ধরনের পদক্ষেপ কেবল ডেভেলপার এবং সরকারগুলোকেই ক্ষুব্ধ করবে।” কোম্পানির অভ্যন্তরীণ সূত্রর ভিত্তিতে গুরম্যান যোগ করেন, “কোম্পানির ভেতরে কোনো বড় ধরনের বিবাদ বা ঝগড়া হয়নি, তবে এটি এমন একটি বিষয় ছিল যার সাথে তিনি যুক্ত থাকতে চাননি।”
২০২৫ সালের ফেব্রুয়ারিতে অ্যাপিক গেমস (Epic Games)-এর সাথে অ্যাপলের আইনি লড়াইয়ের সময় শিলার আদালতে সাক্ষ্য দিয়েছিলেন যে, অ্যাপ স্টোরের বাইরে থেকে করা কেনাকাটায় অ্যাপল শুরুতে যে ২৭ শতাংশ কমিশন নেওয়ার পরিকল্পনা করেছিল, তিনি তার বিরোধিতা করেছিলেন। তিনি সে সময় আইনি ঝুঁকি এবং ডেভেলপারদের সম্ভাব্য প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেন।
আদালতে শিলার বলেছিলেন, তার আশঙ্কা ছিল এই ফি অ্যাপল এবং ডেভেলপারদের মধ্যে একটি “শত্রুতাপূর্ণ সম্পর্ক” তৈরি করবে এবং অ্যাপল এক ধরণের “কালেকশন এজেন্সি” হয়ে উঠবে, যাদের ফি পরিশোধ না করা ডেভেলপারদের অডিট করতে হবে।
২০২৫ সালের এপ্রিল থেকে অ্যাপল যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাপ স্টোর লিংক-আউট থেকে কোনো ফি সংগ্রহ করছে না। ২৭ শতাংশ কমিশন নেওয়ার কারণে আদালত তাদের অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে এবং এই প্রক্রিয়া বন্ধের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট আদালতের অবমাননার রায়ের বিরুদ্ধে অ্যাপলের চ্যালেঞ্জ শুনতে সম্মত হলেও এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।
এদিকে, অ্যাপল এখন অ্যাপ স্টোরের দায়িত্ব পুনরায় এডি কিউয়ের হাতে তুলে দিচ্ছে বলে জানা গেছে, যিনি ২০১৫ সাল পর্যন্ত এটি তদারকি করেছিলেন এবং এরপর শিলার দায়িত্ব নেন। অন্যদিকে, কার্সন অলিভার—যিনি দীর্ঘদিন ধরে অ্যাপ স্টোর দলে রয়েছেন— তিনি এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।
কমেছে অ্যাপ স্টোরের আয়
গত জুলাইয়ের আর্থিক আয় ঘোষণার সময় অ্যাপল স্বীকার করেছে যে, বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার নীতিমালার পরিবর্তন তাদের সার্ভিসেস বিভাগের বৃদ্ধিতে প্রভাব ফেলতে শুরু করেছে। জুন প্রান্তিকে অ্যাপল ৩০.৭ বিলিয়ন ডলার সার্ভিসেস রাজস্ব রিপোর্ট করেছে, যা এই প্রান্তিকের জন্য রেকর্ড হলেও বিশ্লেষকদের প্রত্যাশিত ৩১.৪ বিলিয়ন ডলারের চেয়ে কম।
পৃথকভাবে, বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাপফিগারস আগস্টে জানিয়েছে যে, ২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রে অ্যাপলের অ্যাপ স্টোর কমিশন রাজস্ব ১৮ শতাংশ কমেছে।
প্রতিবেদনে আরও দেখা গেছে যে, ব্রাজিল এবং জাপান নতুন নীতিমালা চালু করার পর থেকে এই দুটি দেশেও অ্যাপ স্টোরের রাজস্ব হ্রাস পেয়েছে।



