টেকসিঁড়ি রিপোর্ট : বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইনান্স হোল্ডিংস লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার বা প্রধান অর্থ কর্মকর্তা কাইজার এনজি পদত্যাগ করেছেন। প্ল্যাটফর্মটি থেকে প্রায় ৬.৩ বিলিয়ন ডলার মূল্যের ডিজিটাল অ্যাসেট বা ক্রিপ্টো হ্যাকারদের হাতে চুরির মাত্র কয়েক দিন পর এই ঘোষণা এলো।
বাইনান্সের কো-সিইও ‘ই হি’ জানিয়েছেন যে, কাইজার এনজির এই বিদায় বা দায়িত্ব হস্তান্তর আকস্মিক নয়, বরং গত ছয় মাস ধরে এটি পরিকল্পিত ছিল। হ্যাকিংয়ের ঘটনার কারণে হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কাইজার এনজির স্থলাভিষিক্ত হচ্ছেন গ্লোবাল ফিনটেক কোম্পানি ‘এয়ারওয়ালেক্স’-এর সাবেক ফাইন্যান্স ভাইস প্রেসিডেন্ট জাস্টিন ইয়েক (Justin Yek)। নতুন দায়িত্বে যোগ দিয়ে তিনি গ্লোবাল স্কেলে কোম্পানির ফিন্যান্স অপারেশন পরিচালনা করার কথা জানিয়েছেন।
বাইনান্স জানিয়েছে যে, হ্যাকিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ইতিমধ্যে বড় একটি অংশের ক্ষতি পুষিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনার পর এফবিআই তদন্ত চালাচ্ছে এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা জোরদার করার কাজ চলছে।
ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রির ইতিহাসে এটিকে অন্যতম বড় চুরির ঘটনা বলে মনে করা হচ্ছে, যা বিশ্বজুড়ে ডিজিটাল অ্যাসেট এক্সচেঞ্জগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এই সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়ার হ্যাকারদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে।



