টেকসিঁড়ি রিপোর্ট : চীনের মানব মহাকাশ সংস্থা তাদের আসন্ন শেনঝৌ-২৪ মিশনের জন্য একজন পাকিস্তানি মহাকাশচারীকে পেলোড বিশেষজ্ঞ হিসেবে নির্বাচিত করেছে। এর ফলে নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তিই হবেন দেশটির মহাকাশ স্টেশন পরিদর্শনে যাওয়া প্রথম বিদেশি নাগরিক।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার জানিয়েছে, বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে পাকিস্তানি মহাকাশচারী চীনের শেনঝৌ-২৪ মিশনে যোগ দেবেন।
জানা আছে, পাকিস্তানি পাইলট জিশান আলী এবং খুররাম দাউদ একটি মিশনের জন্য বেইজিংয়ের চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে কয়েক মাস প্রশিক্ষণ নিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে, দীর্ঘদিনের কৌশলগত ও কূটনৈতিক অংশীদার পাকিস্তান ও চীন একটি চুক্তিতে আবদ্ধ হয়, যার মাধ্যমে পাকিস্তানি মহাকাশচারীদের প্রশিক্ষণের জন্য চীনা সরকার-নেতৃত্বাধীন কর্মসূচি প্রতিষ্ঠা করা হয়। চীন পাকিস্তানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং একটি প্রধান বিদেশি বিনিয়োগকারী।
চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন পাকিস্তানের প্রথম চন্দ্রযান জিন্নাহ-১-ও মহাকাশে পাঠাবে। ৩৫ কেজি (৭৭ পাউন্ড) ওজনের এবং বিশেষ বৈজ্ঞানিক সরঞ্জাম সজ্জিত এই রোভারটির কাজ হলো প্লাজমার আচরণ, বিকিরণ এবং চন্দ্রপৃষ্ঠের মাটির গঠন বিশ্লেষণ করা।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রার্থীদের এই অভিযানের জন্য প্রস্তুত করতে ব্যবহারিক পরিচালন অনুশীলন এবং চীনা ভাষার পাঠ অন্তর্ভুক্ত রয়েছে।
বেইজিংয়ের চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে যে, একটি স্বল্পমেয়াদী কক্ষপথীয় উড্ডয়ন সম্পন্ন করার পর নভোচারীরা শেনঝৌ-২৩ মহাকাশযানে চড়ে পৃথিবীতে ফিরে আসবেন।


