টেকসিঁড়ি রিপোর্ট : দেশের বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা সাধারণ ডেটা সেন্টার নির্মাণকারী মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ‘ভয়াবহ কর আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার , ২০ নভেম্বর, হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিদেশে ডেটা সেন্টার নির্মাণের অনুমতি দেবে না। তাঁর ভাষায়, “অন্য দেশগুলোতে কোম্পানিগুলোকে ডেটা সেন্টার বানাতে দেওয়া হবে না। যদি তারা তা করে, তারা করতে পারে—কিন্তু আমরা তাদের ওপর ভয়াবহ কর বসাব। চীন সব দখল করে নেবে, আর আমরা তা হতে দেব না। যারা এটি করার চেষ্টা করবে, তাদের ওপর ভয়াবহ শাস্তি আরোপ করা হবে।”
কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে— তাঁর প্রশাসন ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই হিসেবে অভিহিত করছে। যুক্তরাষ্ট্রের অগ্রগতি ধরে রাখতেই দেশের ভেতরে ডেটা সেন্টার নির্মাণ বাড়াতে চান বলে জানান ট্রাম্প। পাশাপাশি তিনি ফিনল্যান্ডে প্রস্তাবিত একটি ডেটা সেন্টার প্রকল্পের কথাও উল্লেখ করেন এবং স্বীকার করেন যে এই পরিকল্পনা নিয়ে তিনি এখনো তাঁর প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেননি।
প্রস্তাবিত করের হার কত হবে, শাস্তির ধরন কী হবে বা কবে থেকে এটি কার্যকর হতে পারে—সে বিষয়ে ট্রাম্প কোনো নির্দিষ্ট তথ্য দেননি। কোনো আইনগত কাঠামো বা কংগ্রেসের অনুমোদনের বিষয়ও এখনো নিশ্চিত হয়নি।
বিদেশে ডেটা সেন্টার প্রকল্প থাকা মেটা, অ্যামাজন, গুগল বা মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের কথা বিশ্লেষণে এলেও ট্রাম্প সরাসরি কোনো কোম্পানির নাম উল্লেখ করেন নি।
যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণের বিরোধিতা না করে বরং স্থানীয় বাসিন্দা ও কমিউনিটিকে ডেভেলপারদের কাছ থেকে সুবিধা ও অর্থ আদায় করার আহ্বান জানান তিনি।
ট্রাম্পের এই হুঁশিয়ারির আগেই মার্কিন বাণিজ্য বিভাগ উন্নত চিপ রপ্তানি ও বিদেশে স্থাপিত ডেটা সেন্টারের কম্পিউটিং সক্ষমতা নিয়ে নতুন অন্তর্বর্তী চূড়ান্ত বিধিমালা জারি করেছে। নিয়ম অনুযায়ী, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ব্রাজিলে উন্নত চিপ পাঠাতে রপ্তানি লাইসেন্স লাগবে এবং চীনের সদর দপ্তর থাকা কোনো প্রতিষ্ঠানকে বিদেশি ডেটা সেন্টার থেকে বড় পরিসরে কম্পিউটিং সুবিধা দিলে লাইসেন্সের প্রয়োজন হবে।



