টেকসিঁড়ি রিপোর্ট : ২০১৬ সালের নভেম্বরে ঢাকায় যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশে ২১ কোটি ২৬ লাখ ট্রিপ সম্পন্ন করেছে উবার। এ সময়ে ১৮৩ কোটির বেশি কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ড্রাইভার-পার্টনাররা এবং সেবা পেয়েছেন ৯০ লাখ ৪০ হাজার যাত্রী।
গত এক দশকে উবারের প্ল্যাটফর্মের মাধ্যমে আয় করেছেন ৪ লাখ ৭০ হাজার মানুষ। বর্তমানে বাংলাদেশের তিনটি শহরে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে এইসব তথ্য জানায় উবার।
এ উপলক্ষে সোমবার রাজধানীতে ‘ফিউচার অব মোবিলিটি ইন বাংলাদেশ: দ্য নেক্সট ১০ ইয়ার্স’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে উবার। এতে নীতিনির্ধারক, পরিবহন খাতের অংশীজন ও বিশেষজ্ঞরা অংশ নেন।
১০ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিবার উবার’ থিমে একটি কমিউনিটি দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি। ঐতিহ্যবাহী পটচিত্রের মাধ্যমে আরও বাসযোগ্য ঢাকার স্বপ্ন তুলে ধরা হয় এ উদ্যোগে। মিরপুর-১০-এর সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরজুড়ে আঁকা হয় সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই শহরের নানা চিত্র। শিল্পী টাইগার নাজিরের নেতৃত্বে এ আয়োজনে অংশ নেন তরুণ শিল্পী, স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। ঐতিহ্যবাহী পটচিত্র সংরক্ষণের পাশাপাশি নগরকে আরও সুন্দর করে গড়ে তুলতে নাগরিকদের অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরা হয় এ উদ্যোগে।
বাংলাদেশে উবারের কার্যক্রম সম্প্রসারণে চালক অংশীদারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মের মাধ্যমে আয় করেছেন ৪ লাখ ৭০ হাজার মানুষ। গত এক দশকে দেশের ডিজিটাল যাতায়াতব্যবস্থার বিকাশের পাশাপাশি প্ল্যাটফর্মনির্ভর অর্থনীতিতে মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি করেছে উবার।
উবার বাংলাদেশের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। তিনি বলেন, “নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক যাতায়াত নিশ্চিত করতে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের বিকল্প হিসেবে এটি মানুষের দৈনন্দিন চলাচলকে আরও সহজ ও সুবিধাজনক করেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলওয়েবিষয়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। তিনি বলেন, “মানুষের নিরাপত্তা, সময় ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াতব্যবস্থা সরাসরি জড়িত। প্রযুক্তির মাধ্যমে যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করতে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উবার বাংলাদেশের কান্ট্রি হেড এস এম জামশেদ হাসান বলেন, “গত ১০ বছরে বাংলাদেশের মানুষের যাতায়াতের ক্ষেত্রে উবার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিভিন্ন জনগোষ্ঠীকে সংযুক্ত করা, যাতায়াতের সুযোগ সম্প্রসারণ এবং মানুষের জন্য নমনীয় আয়ের সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পেরে আমরা গর্বিত।
উবারের সেবায় নিরাপত্তাকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়। এ লক্ষ্যে প্ল্যাটফর্মটিতে চালকের প্রয়োজনীয় নথি যাচাই, ‘ভেরিফাই মাই রাইড’, ট্রিপ ইনস্যুরেন্স, ‘শেয়ার মাই ট্রিপ’, ‘রাইডচেক’, যাত্রা শেষে অভিযোগ জানানোর ব্যবস্থা এবং নিরাপত্তা হটলাইনের মতো বিভিন্ন সুবিধা রয়েছে। মোটরসাইকেল যাত্রীদের জন্য রয়েছে ‘মটো সেফটি চেকলিস্ট’। পাশাপাশি হেলমেট বিতরণসহ সড়ক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন উদ্যোগেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে ‘মুভিং বাংলাদেশ ফরোয়ার্ড: মোবিলিটি অ্যান্ড লাইভলিহুডস ইন দ্য নেক্সট ডিকেড’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এবং ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট সার্ভিসেস বিভাগের মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক। আলোচনা সঞ্চালনা করেন বেঞ্চমার্ক পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ কায়সার।


