সামিউল হক সুমনঃ প্রযুক্তির পেছনে যে অবকাঠামো কাজ করে, তার একটি হলো এআই ডেটা সেন্টার। এটি এমন একটি বিশেষায়িত স্থাপনা, যেখানে এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য বিপুল কম্পিউটিং ক্ষমতা থাকে। প্রচলিত ডেটা সেন্টার সাধারণত ওয়েবসাইট, ই-মেইল, ডেটাবেস ও ব্যবসায়িক সফটওয়্যারের মতো নানা কাজ চালায়, যেখানে সিপিইউ-ভিত্তিক সার্ভারের ভূমিকা বড়। অন্যদিকে এআই ডেটা সেন্টারে গুরুত্ব পায় জিপিইউ ও অন্যান্য এআই অ্যাক্সিলারেটর, যেগুলো একসঙ্গে অসংখ্য হিসাব করতে পারে। অনেকগুলো জিপিইউকে সমন্বিতভাবে চালাতে প্রয়োজন হয় দ্রুতগতির নেটওয়ার্ক, পর্যাপ্ত বিদ্যুৎ ও কার্যকর কুলিং ব্যবস্থা।
গতকাল ২৮ নভেম্বর ২০২৬ ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘DCtSUMMIT 2026’ বা ডেটাসেন্টার সামিটের একটি উপস্থাপনায় বিষয়গুলো তুলে ধরা হয়। সম্মেলনের প্রতিপাদ্যে ছিল বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার কথা (Advancing Bangladesh’s Digital Infrastructure Ecosystem)।
কম্পিউট: সক্ষমতার কেন্দ্রে জিপিইউ
এআই মডেলের প্রশিক্ষণ (ট্রেনিং) ও ব্যবহারিক প্রয়োগে (ইনফারেন্স) বিপুল প্যারালাল জিপিইউ কম্পিউটিং দরকার। স্লাইড অনুযায়ী, এআই ডেটা সেন্টারের প্রধান লক্ষ্য জিপিইউর কম্পিউট সক্ষমতা ও সম্প্রসারণযোগ্যতা সর্বোচ্চ করা।
পাওয়ার: র্যাকপ্রতি বিদ্যুতের চাহিদায় বড় উল্লম্ফন
উপস্থাপনার তথ্যমতে, এআই র্যাকের পাওয়ার ডেনসিটি প্রায় ১৫ কিলোওয়াট থেকে বেড়ে ৬০–১৩০ কিলোওয়াট বা তারও বেশি হয়েছে। অর্থাৎ নিম্নসীমা ধরলেও তা প্রায় চার গুণ। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ বাড়ছে। প্রচলিত এয়ার কুলিংও তার ব্যবহারিক সীমা ছাড়িয়ে যাচ্ছে।
কানেক্ট: দ্রুতগতির নেটওয়ার্ক অপরিহার্য
এক জিপিইউ থেকে আরেক জিপিইউতে এবং সার্ভার থেকে সার্ভারে বিপুল ডেটা আদান-প্রদান হয়। এর জন্য চাই কম ল্যাটেন্সি (বিলম্ব) ও উচ্চ ব্যান্ডউইডথের নেটওয়ার্ক। স্লাইডে এর ভিত্তি হিসেবে ইনফিনিব্যান্ড অথবা ৮০০জি/১.৬টি ইথারনেটের কথা বলা হয়েছে।
কুলিং: বাতাস থেকে তরলে
র্যাকের পাওয়ার ডেনসিটি বেশি হলে প্রচলিত এয়ার কুলিং ব্যবহারিক সীমায় পৌঁছে যায়। তাই এআই ওয়ার্কলোড সামলাতে লিকুইড কুলিং ও ইমারশন কুলিংয়ের ব্যবহার বাড়ছে। ইমারশন কুলিংয়ে যন্ত্রাংশ বিদ্যুৎ-অপরিবাহী তরলে ডুবিয়ে ঠান্ডা রাখা হয়। স্লাইড অনুযায়ী, এসব প্রযুক্তি জ্বালানি দক্ষতা বাড়ায় এবং পিইউই (Power Usage Effectiveness) কমায়। পিইউই হলো ডেটা সেন্টারের মোট বিদ্যুৎ ব্যবহার ও আইটি যন্ত্রপাতির বিদ্যুৎ ব্যবহারের অনুপাত। এই মান যত কম, দক্ষতা তত বেশি।
বাংলাদেশের জন্য তাৎপর্য
এই চারটি বিষয় একটি আরেকটির সঙ্গে যুক্ত। জিপিইউ সক্ষমতা বাড়াতে গেলে বিদ্যুৎ, নেটওয়ার্ক ও কুলিংয়ের পরিকল্পনাও একই সঙ্গে করতে হয়। বাংলাদেশে এআই-উপযোগী অবকাঠামো গড়ার আলোচনায়ও বিষয়গুলো গুরুত্বপূর্ণ।


