টেকসিঁড়ি রিপোর্ট ঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র দ্রুতগতির বিকাশের সাথে খাপ খাইয়ে নিতে না পারলে কর্মক্ষেত্রে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। বিশ্বের জনপ্রিয় আবাসন শেয়ারিং প্ল্যাটফর্ম ‘এয়ারবিএনবি’ -এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান চেস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, এআই যুগে দুই ধরনের মানুষ বা কর্মী কোনোভাবেই টিকে থাকতে পারবে না।
সম্প্রতি ‘ইনভেস্ট লাইক দ্য বেস্ট’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রায়ান চেস্কি এ কথা জানান।
যে ২ ধরনের মানুষ ঝুঁকিতে রয়েছে:
‘শুধু মানুষ নিয়ন্ত্রণকারী’ বা পিওর পিপল ম্যানেজার : ব্রায়ান চেস্কির মতে, ভবিষ্যতে শুধু দল পরিচালনা বা বৈঠক করার ম্যানেজারদের কোনো মূল্য থাকবে না। তিনি বলেন, “আমি মনে করি না শুধু ‘পিপল ম্যানেজার’দের ভবিষ্যতে কোনো গুরুত্ব থাকবে। যেসব ম্যানেজার শুধু ওয়ান-অন-ওয়ান মিটিং করেন, কর্মীদের থেরাপিস্টের মতো কথা শোনেন কিংবা প্রশাসনিক কাজ তদারকি করেন—তারা এআই যুগে টিকে থাকতে পারবেন না। ম্যানেজারদের অবশ্যই কাজের মূল বিষয়ের সাথে সরাসরি যুক্ত হতে হবে এবং কারিগরি দক্ষতা বজায় রাখতে হবে। তাদেরকে শুধু কর্মী পরিচালনা না করে কাজের মূল জায়গায় হাত দিতে হবে।”
পরিবর্তনকে অস্বীকারকারী কর্মী : যারা সময়ের প্রয়োজনে নতুন প্রযুক্তি শিখতে এবং নিজের দক্ষতা বাড়াতে বা পরিবর্তন মেনে নিতে নারাজ, তারা এই নতুন যুগে দ্রুত পিছিয়ে পড়বেন। চেস্কি স্পষ্ট করে বলেন, “যারা নিজেদের পরিবর্তন ও বিকশিত করতে চান না, তারা এআই-ভিত্তিক কর্মক্ষেত্রে টিকে থাকতে পারবেন না।”
“নিজেরাই নিজেদের রূপান্তর ঘটাব”
এআই-কে এয়ারবিএনবির জন্য অন্যতম সেরা সুযোগ হিসেবে দেখছেন চেস্কি। তিনি উল্লেখ করেন, যেসকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা-চালিত এবং প্রযুক্তির সাথে সাথে নিজেদের পরিবর্তন করতে প্রস্তুত, তারাই এআই-এর আসল সুবিধা পাবে।
তিনি সতর্ক করে বলেন, “আপনি যদি নিজেকে বা নিজের প্রতিষ্ঠানকে পরিবর্তন ও রূপান্তর না করেন, তবে অন্য কেউ এসে আপনাকে স্থানচ্যুত করবে। এয়ারবিএনবি অন্য কাউকে সেই সুযোগ দেবে না; আমরা নিজেরাই নিজেদের ব্যবসায়িক মডেলে রূপান্তর আনছি।”
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি খাতের এই পরিবর্তন বার্তা দিচ্ছে যে—ভবিষ্যতের কর্মক্ষেত্রে শুধু তদারকি নয়, বরং সরাসরি কাজের দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং প্রযুক্তির সাথে অভিযোজন প্রক্রিয়াই টিকে থাকার প্রধান নিয়ামক হবে।



