টেকসিঁড়ি রিপোর্ট : কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অন্যতম শীর্ষ উদ্ভাবক প্রতিষ্ঠান এবং ‘ক্লড’ চ্যাটবটের নির্মাতা অ্যানথ্রোপিক (Anthropic) শেয়ারবাজারে আসার প্রসপেক্টাস জমা দিয়েছে। রয়টার্স-এর হাতে আসা গোপন আইপিও প্রসপেক্টাসে প্রতিষ্ঠানটির বিশাল বাণিজ্যিক সম্ভাবনা ও দ্রুত আয়ের পাশাপাশি এআই মডেল তৈরির অস্বাভাবিক খরচের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
২০২৫ সালে অ্যানথ্রোপিকের রাজস্ব (Revenue) প্রায় ১২ গুণ বেড়ে ৪.৬ বিলিয়ন ডলার (৪৬০ কোটি ডলার) স্পর্শ করেছে। তবে একই সময়ে এর পরিচালনাগত ক্ষতি দাঁড়িয়েছে ৮.০৬ বিলিয়ন ডলারে। সব মিলিয়ে অ্যাকাউন্ট মূল্যায়নের সমন্বয়সহ প্রতিষ্ঠানটি ২০২৫ সালে ৪২ বিলিয়ন ডলারের নিট লোকসান হিসাবভুক্ত করেছে (যার প্রায় ৩৪ বিলিয়ন ডলার এসেছে বিনিয়োগের শেয়ার রূপান্তর সংক্রান্ত হিসাবের খাত থেকে)।
আইপিওর মাধ্যমে অ্যানথ্রোপিক তাদের বাজার মূল্যায়ন ২ ট্রিলিয়ন ডলার অতিক্রম করতে চাইছে। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত ফান্ডিং রাউন্ডে কোম্পানিটির আনুমানিক মূল্য ছিল প্রায় ৯৬৫ বিলিয়ন ডলার, সেখান থেকে যা দ্বিগুণেরও বেশি।
এআই মডেল প্রশিক্ষণ ও চালানোর জন্য অ্যানথ্রোপিক গত বছর শুধু কম্পিউটিং ও ক্লাউড অবকাঠামোতেই ৭.৩৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে, যা তাদের মোট পরিচালন ব্যয়ের অর্ধেকেরও বেশি। আগামী বছরগুলোতে তারা ক্লাউড অবকাঠামোতে প্রায় ৫১৮ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করছে।
প্রসপেক্টাসে অ্যানথ্রোপিক সতর্ক করেছে যে, ২০২৫ সালে তাদের মোট আয়ের প্রায় এক-চতুর্থাংশ এসেছে মাত্র দুটি বড় গ্রাহক থেকে। অধিকাংশ প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি না থাকায় গ্রাহক কমার ঝুঁকি থেকে যায়। অ্যানথ্রোপিকের আইপিও প্রসপেক্টাসে এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুকির কথা বলা হয়েছে। এমনকি নিয়ন্ত্রণহীন এআই ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে তথ্য গোপন করা, বন্ধ হওয়া প্রতিরোধ করা বা ক্ষতিকারক আচরণ করার মতো মানবজাতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর অ্যানথ্রোপিকের এই শেয়ারবাজার অভিষেকের পরিকল্পনা করা হয়েছে। আমাজন এবং গুগল-এর মতো টেক জায়ান্টদের কৌশলগত বিনিয়োগ পাওয়া অ্যানথ্রোপিক, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ওপেনএআই -এর সাথে টেক্কা দিয়ে প্রযুক্তি বাজারে এক বড় পরিবর্তন আনতে চাচ্ছে।



