টেকসিঁড়ি রিপোর্ট : প্রস্তাবিত ই-জিএসএম (E-GSM) স্পেকট্রাম বা তরঙ্গ নিলাম নিয়ে সম্পূর্ণ ভিন্ন অবস্থানে দাঁড়িয়েছে দেশের অন্যতম দুই টেলিকম অপারেটর বাংলালিংক ও রবি।
সম্প্রতি এই তরঙ্গ বরাদ্দ নিয়ে বাংলালিংক জানিয়েছে, দেশের নতুন টেলিযোগাযোগ নীতি চূড়ান্ত না হওয়া পর্যন্ত স্পেকট্রাম সংক্রান্ত বড় সিদ্ধান্তগুলো স্থগিত রাখা উচিত। অন্যদিকে বাংলালিংকের এই অবস্থানের বিপরীত মত পোষণ করেছে রবি। তারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আহ্বান জানিয়েছে, কোনো রকম বিলম্ব না করে যেন দ্রুত এই স্পেকট্রাম উন্মুক্ত করা হয়।
৮৮০ মেগাহার্টজ থেকে ৮৮৮.৪ মেগাহার্টজ পর্যন্ত বিস্তৃত এই ই-জিএসএম ব্যান্ডটি মোবাইল নেটওয়ার্কের কাভারেজ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহরাঞ্চল এবং দুর্গম প্রত্যন্ত এলাকায় শক্তিশালী নেটওয়ার্ক নিশ্চিত করতে এই তরঙ্গ বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অপারেটরদের এমন পাল্টাপাল্টি অবস্থানের বিপরীতে বিটিআরসি তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, তরঙ্গের মূল্য নির্ধারণে সরকারি অনুমোদন পাওয়ার পর পূর্বপরিকল্পনা অনুযায়ীই নিলাম প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।


