টেকসিঁড়ি রিপোর্ট : অ্যামাজন আনুষ্ঠানিকভাবে ভারতে তাদের জেনারেটিভ এআই-চালিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা প্লাস চালু করেছে। এই নতুন সংস্করণটি হিন্দি, ইংরেজির সাথে ভারতজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত মিশ্র ভাষা ‘হিংলিশ’ সমর্থন করবে।
বাক্যের মাঝেই ভাষা পরিবর্তনের সুবিধা
অ্যালেক্সা প্লাস -এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি কথোপকথনের মধ্যে বাক্য না থামিয়েই হিন্দি এবং ইংরেজির মধ্যে সুইচ করতে পারে। ভারতীয় ব্যবহারকারীদের কথা বলার স্বাভাবিক ভঙ্গির কথা মাথায় রেখে একে ডিজাইন করা হয়েছে। এটি দীর্ঘ বাক্য বুঝতে পারে এবং প্রসঙ্গ মনে রাখতে পারে, তাই প্রতিবার কমান্ড দেওয়ার জন্য বার বার “অ্যালেক্সা” শব্দটি বলার প্রয়োজন নেই।
স্থানীয় সংস্কৃতি ও শব্দের স্পষ্ট ধারণা
আমাজনের বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুণে ও চেন্নাইয়ের গবেষক দল এই ভয়েস মডেলটি তৈরি করেছে। এটি ভারতীয় পরিবারে ব্যবহৃত নানা আঞ্চলিক পরিভাষা যেমন: “ঢাই বাজে”, “এক পোয়া” কিংবা সম্পর্কের ক্ষেত্রে “ভাগ্নে”, “ভাতিজি”, “দেবর”, “জেঠানি”—এর মতো শব্দগুলো খুব সহজেই চিনতে পারে। এছাড়া বলিউড, ক্রিকেট এবং ভারতীয় উৎসব সংক্রান্ত যেকোনো উত্তর দিতে এটি এখন পারদর্শী।
অ্যামাজন ২০১৭ সালে ভারতে অ্যালেক্সা ইংরেজিতে চালু করে এবং ২০১৯ সালে এতে হিন্দি ভাষার সমর্থন যোগ করে। দেশটিতে ৬০ কোটিরও বেশি হিন্দিভাষী রয়েছেন এবং অ্যামাজন তার স্মার্ট ডিভাইস ও নতুন ফিচারের মাধ্যমে সেই বাজারকে কাজে লাগানোর চেষ্টা করছে। সংস্থাটি সুনির্দিষ্ট সংখ্যা না জানালেও বলেছে যে, গত বছরের তুলনায় তাদের স্মার্ট হোম ডিভাইসের বিক্রি ২০% বৃদ্ধি পেয়েছে।
সার্ভিসের সাথে যুক্ত হওয়া –
অ্যালেক্সা প্লাস ভারতে বেশ কিছু জনপ্রিয় প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা হয়েছে :
- খাবার ও রেস্তোরাঁ: সোয়াগি, যোমাটো , ইজি ডিনার।
- ভ্রমণ ও টিকিট: মেইক মাই ট্রিপ এবং ট্রিপ অ্যাডভাইজর।
- মিউজিক ও স্ট্রিমিং: জিওসাভন, অ্যামাজন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, প্রাইম ভিডিও।
- কুইক কমার্স: অ্যামাজনের নিজস্ব দ্রুত ডেলিভারি সার্ভিস অ্যামাজন নাউ -এর মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে বাজার সদাই অর্ডার করা যাবে।
মূল্য ও সুবিধা –
- আর্লি অ্যাক্সেস : বর্তমানে ভারতের সকল ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে এটি ফ্রিতে ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
- প্রাইম মেম্বারশিপ: টেস্টের মেয়াদ শেষ হলে অ্যামাজন প্রাইম গ্রাহকরা বিনামূল্যে অ্যালেক্সা প্লাস ব্যবহার চালিয়ে যেতে পারবেন।
- নন-প্রাইম মেম্বার: প্রাইম মেম্বারশিপ না থাকলে অ্যালেক্সা প্লাস ব্যবহারের জন্য প্রতি মাসে ২,০০০ ভারতীয় রুপি (প্রায় ২০.৮৫ ডলার) ফি দিতে হবে।



