টেকসিঁড়ি রিপোর্ট : ইলন মাস্কের এআই কোম্পানি এক্সএআইর চ্যাটবট ‘গ্রোক’ এর মাধ্যমে মহিলাদের বিকৃত ও যৌন উদ্দীপক ভুয়া ছবি (ডিপফেক) তৈরি বন্ধের জন্য যুক্তরাজ্যের হাইকোর্টে আবেদন করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য জেস আসাতো।
এমপি আসাতো আদালতে ক্ষতিপূরণ দাবির পাশাপাশি ঘটনার বেআইনি স্বীকৃতি এবং এক্সএআই যেন অবিলম্বে এই জাতীয় অপব্যবহার স্থায়ীভাবে রোধ করে—সেই মর্মে আদালত থেকে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছেন।
মাস্ক বারবার ব্রিটেনের অনলাইন নিয়ন্ত্রণ পদ্ধতির সমালোচনা করেছেন এবং যুক্তি দিয়েছেন যে, অনলাইন সুরক্ষা আইনের ধারাগুলো বিশ্বের অন্যতম কঠোর আইন এবং এগুলি বাকস্বাধীনতা খর্ব করার ঝুঁকি তৈরি করছে।
ঘটনার সূত্রপাত ঘটে চলতি বছরের শুরুতে, যখন ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স -এ সমন্বিত গ্রোক চ্যাটবটের ইমেজ এডিটিং সুবিধা উন্মুক্ত করা হয়। এমপি আসাতো বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার পর, বেশ কিছু ব্যবহারকারী গ্রোক ব্যবহার করে তাঁর বিকিনি পরা ভুয়া ছবি এবং যৌন নির্যাতনের ইঙ্গিতপূর্ণ এআই ভিডিও তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।
জেস আসাতোর মতে, গ্রোকের সাহায্যে এই ধরনের ডিপফেক পর্নোগ্রাফি বা আপত্তিকর উপাদান তৈরি হওয়া কেবল ব্যবহারকারীদের অপব্যবহারের ফল নয়, বরং এটি প্ল্যাটফর্মটি তৈরির ডিজাইনের কাঠামোগত ব্যর্থতা। হাজার হাজার নারী ও শিশু এই ধরনের এআই-ভিত্তিক যৌন হয়রানির শিকার হচ্ছে এবং এর জন্য ডেভেলপার প্রতিষ্ঠান এক্স এআই-কে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
গ্রোক চ্যাটবটের মাধ্যমে অনুমতি ছাড়া মহিলাদের আপত্তিকর ছবি তৈরির এই সুযোগ যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে বিতর্ক ও তদন্তের সৃষ্টি করেছে।
আসাতোর অভিযোগের বিষয়ে মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।


