টেকসিঁড়ি রিপোর্ট : “যদি ইলন মাস্ক মনে করেন যে তার বাজেট নীতি এবং ফেডারেল সরকারের খরচ কমানোর পরিকল্পনা দেশের জন্য সঠিক, তবে আসুন আমরা টেলিভিশনে সরাসরি একটি বিতর্কে বসি। দেশের মানুষ দেখুক কার যুক্তি কতটা বাস্তবসম্মত।”
ইলন মাস্ক এবং সরকারের বাজেট বিলের বিভিন্ন দিক নিয়ে সাম্প্রতিক কিছু বাদানুবাদের পর ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ (আইনপ্রণেতা) রো খান্না এই আহ্বান জানান। মার্কিন সরকারের খরচ কমানোর উদ্দেশ্যে গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (DOGE) এবং এর প্রধান ইলন মাস্কের বাজেট নীতির তীব্র সমালোচনা করেন খান্না ।
তিনি মনে করেন, সরকারের খরচ কমানো বা বাজেট সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত বন্ধ দরজার পেছনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একতরফাভাবে না করে জনগণের সামনে খোলামেলা আলোচনা হওয়া উচিত।
তিনি আরও উল্লেখ করেন যে, মাস্ক যদি কোনো খাত থেকে অযথা খরচ বা অনিয়ম খুঁজে পান, তবে তা সরাসরি কংগ্রেসে এসে উপস্থাপন করা উচিত এবং সেখানে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত, একক কোনো সিদ্ধান্তে নয়। ফেডারেল বাজেট এবং সাধারণ মানুষের সুযোগ-সুবিধার ওপর প্রভাব ফেলে এমন যেকোনো নীতি নিয়ে স্পষ্ট ও স্বচ্ছ জবাবদিহিতা থাকা অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে সরকারি খরচ সংকোচন এবং আমলাতন্ত্র সংস্কারের লক্ষ্য নিয়ে ইলন মাস্ক কাজ করছেন। তবে ডেমোক্র্যাট এবং প্রগতিশীল শিবিরের অন্যতম প্রধান কণ্ঠস্বর রো খান্না শুরু থেকেই মাস্কের এই একতরফা পদ্ধতির বিরোধিতা করে আসছেন। এই বিতর্ক প্রস্তাবের পর এখনো পর্যন্ত ইলন মাস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।


