টেকসিঁড়ি রিপোর্ট : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সাময়িকভাবে ব্লক করার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে মেটা।
বুধবার , ৫ আগস্ট, ২০২৬ এক বিবৃতিতে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান জোয়েল কাপলান জানান, তিনি ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে বৈঠকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।
জোয়েল কাপলান বলেন, “প্রধানমন্ত্রী মোদীর পোস্ট ভুলবশত সীমাবদ্ধ করার কারণে মেটার পক্ষ থেকে আমি মাননীয় মন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছি।”
গত জুলাই মাসের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়ে দেশটির যুবসমাজকে উদ্দেশ্য করে একটি ভিডিও পোস্ট করেন। তবে মেটার স্বয়ংক্রিয় কন্টেন্ট ফিল্টারিং সিস্টেমের কারিগরি ত্রুটির কারণে পোস্টটি ফেসবুক থেকে প্রায় ৫ ঘণ্টার জন্য সরিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে মেটা পোস্টটি পুনর্বহাল করে এবং এটিকে একটি “কারিগরি ত্রুটি” বলে দাবি করে। তবে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এই ব্যাখ্যাকে “অপর্যাপ্ত” আখ্যা দিয়ে মেটার শীর্ষ কর্মকর্তাদের তলব করে।
ভারতের সংসদীয় তথ্যপ্রযুক্তি কমিটির সভাপতি ও বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে এ ঘটনায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি মেটা প্রধান মার্ক জাকারবার্গকে ক্ষমা চাওয়ার জন্য ৩ দিনের সময়সীমা বেঁধে দেন এবং ক্ষমা না চাইলে ‘ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট’-এর আওতায় প্ল্যাটফর্মটির পাওয়া ‘সেফ হারবার’ (আইনি সুরক্ষা) প্রত্যাহার করার হুমকি দেন।
মেটা ও ভারত সরকারের মধ্যে এই উত্তেজনা এমন এক সময়ে দেখা দিল যখন দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে তরুণদের বিক্ষোভ চলছিল। এছাড়া মেটার প্ল্যাটফর্মে অপপ্রচারমূলক কনটেন্ট নিয়ন্ত্রণ এবং শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট রোধে ব্যর্থতা নিয়েও ভারত সরকার মেটার ওপর চাপ সৃষ্টি করে আসছে।


