টেকসিঁড়ি রিপোর্ট : এত দিন ইউটিউবের কমেন্ট সেকশনে শুধু টেক্সট ও ইমোজি ব্যবহার করে মতামত জানানোর সুযোগ ছিল। তবে এবার ইনস্টাগ্রাম ও টিকটকের আদলে কমেন্টে জিআইএফ ব্যবহারের দারুণ সুবিধা নিয়ে আসছে প্ল্যাটফর্মটি।
গত মাসে অনুষ্ঠিত ‘মেইড অন ইউটিউব’ ইভেন্টে এই ঘোষণা দেওয়া হয়েছিল। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট ইউটিউব লাইব্রেরি থেকে জিআইএফ বেছে নিয়ে ভিডিও এবং শর্টসের নিচে কমেন্ট করতে পারবেন।
গত কয়েক দিন ধরে রেডডিটের মতো বিভিন্ন অনলাইন কমিউনিটি ফোরামে ব্যবহারকারীরা ইউটিউব কমেন্টে জিআইএফ ব্যবহার করার স্ক্রিনশট শেয়ার করতে শুরু করেছেন। আপাতদৃষ্টিতে এই ফিচারটি বর্তমানে শুধুমাত্র ইউটিউব অ্যাপের জন্যই সীমিত রয়েছে।
মনে করা হচ্ছে ইউটিউব ধীরে ধীরে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করছে, কারণ অনেক ব্যবহারকারী এখনও এটি পাননি। এটি প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীরাও সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
তবে ব্যবহারকারীরা নিজেদের তৈরি কোনো জিআইএফ আপলোড করতে পারবেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ব্যবহারকারীদের মিশ্র প্রতিক্রিয়া:
ফিচারটি নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া মিশ্র বা কিছুটা নেতিবাচক দেখা যাচ্ছে। অনেক ব্যবহারকারী মনে করছেন, এর ফলে ইউটিউবের চেনা পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। টিকটকের মতো এখানেও অপ্রয়োজনীয় ও নিম্নমানের জিআইএফ-এ কমেন্ট বক্স ভরে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। ফলে কমেন্টে জিআইএফ বন্ধ করার জন্য কোনো অপশন বা সুইচ থাকা উচিত বলে দাবি তুলছেন অনেক ব্যবহারকারী।



