টেকসিঁড়ি রিপোর্ট: বাংলাদেশে এয়ারটেল (Airtel) ব্র্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম ‘সার্কেল’ (Cirkle) হিসেবে আত্মপ্রকাশ করেছে টেলিকম অপারেটর রবি আজিয়াটা পিএলসি। দেশের তরুণ ও ডিজিটাল সেবানির্ভর গ্রাহকদের কথা মাথায় রেখে এই রিব্র্যান্ডিং করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। আজ (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ব্র্যান্ডের উন্মোচন করা হয়।
রবি নিশ্চিত করেছে যে, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের বিদ্যমান কোনো সেবায় বিঘ্ন ঘটবে না। এয়ারটেলের বর্তমান গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হয়ে যাবেন। তাদের বিদ্যমান ‘০১৬’ (016) নম্বর, প্যাকেজ, মূল ব্যালেন্স এবং ইন্টারনেট ডাটা সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে। গ্রাহকদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাকাউন্ট, ওয়ালেট এবং অন্যান্য লেনদেনের মাধ্যম আগের মতোই নিরাপদ ও সচল থাকবে।
কেন এই রিব্র্যান্ডিং?
দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম ছিল এয়ারটেল। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই এখন থেকে ‘সার্কেল’ সাশ্রয়ী এবং ডিজিটাল-ফার্স্ট (Digital-first) সেবা প্রদান করবে। নতুন এই ব্র্যান্ডটি ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি নির্ভর বিনোদন, গেমিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের ওপর জোর দেবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। “সার্কেল হলো এয়ারটেলের পথচলার পরবর্তী বিবর্তন। বাংলাদেশের তারুণ্যদীপ্ত প্রজন্ম ভবিষ্যতে কীভাবে কানেক্টেড থাকবে, সেই লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে।” জিয়াদ শাতারা, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, রবি আজিয়াটা পিএলসি।
উল্লেখ্য, ২০১৬ সালে রবি আজিয়াটা এবং এয়ারটেল বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একীভূত হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল টেলিকম অপারেটরে পরিণত হয়। এরপর থেকে এয়ারটেল রবির একটি প্রোডাক্ট ব্র্যান্ড হিসেবেই বাজারে পরিচালিত হয়ে আসছিল।


