টেকসিঁড়ি রিপোর্ট : বিশ্বখ্যাত রোবট প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোস্টন ডাইনামিকস তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ রোহিত প্রসাদকে নিয়োগ দিয়েছে। ২০২৬ সালের ৭ অক্টোবর থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়েছে।
রোহিত প্রসাদ অ্যামাজনে দীর্ঘদিন কাজ করেছেন। সেখানে তিনি অ্যামাজনের জনপ্রিয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘অ্যালেক্সা’ বিভাগের হেড সায়েন্টিস্ট ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এআই এবং মেশিন লার্নিং প্রযুক্তিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা বোস্টন ডাইনামিকসের ‘ফিজিক্যাল এআই’ ও হিউম্যানয়েড রোবোটিক্স প্রযুক্তিকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বোস্টন ডাইনামিকসের সাবেক সিইও রবার্ট প্লেটার পদত্যাগ করার পর থেকে পদটি খালি ছিল। রোহিত প্রসাদ প্রতিষ্ঠানটির ইতিহাসের তৃতীয় সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। প্রাতিষ্ঠানিক অনুমোদন সাপেক্ষে তিনি বোস্টন ডাইনামিকসের পরিচালনা পর্ষদেও যুক্ত হবেন।
উল্লেখ্য, বোস্টন ডাইনামিকসের মালিকানায় রয়েছে দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল জায়ান্ট হুন্ডাই মোটর গ্রুপ। হুন্ডাই সম্প্রতি ঘোষণা করেছে যে তারা তাদের কারখানায় আধুনিক রোবট এবং হিউম্যানয়েড রোবট ‘অ্যাটলাস’ বৃহৎ পরিসরে ব্যবহার করার পরিকল্পনা করছে।
এআই বিশেষজ্ঞ রোহিত প্রসাদের নেতৃত্বে বোস্টন ডাইনামিকস রোবোটিক্স শিল্পে বাণিজ্যিকভাবে আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।


