টেকসিঁড়ি রিপোর্ট : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে চরম উন্মাদনা চললেও রাইড শেয়ারিং অ্যাপ উবারের ক্ষেত্রে তা এখনো সাধারণ মানুষের মাঝে তেমন একটা জনপ্রিয় হয়ে ওঠেনি। রাইড শেয়ারিং জায়ান্ট উবার জানিয়েছে যে, থার্ড-পার্টি এআই অ্যাসিস্ট্যান্ট বা এজেন্ট ব্যবহার করে গাড়ি বা খাবার বুক করার হার অত্যন্ত নগণ্য।
টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, উবারের তৃতীয় প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশের সময় এবং অক্টোবর মাসের ব্যস্ততম সপ্তাহে (হ্যালোউইন সপ্তাহসহ) দেখা গেছে, এই সময়ে বিশ্বজুড়ে প্রায় ৩২ কোটিরও বেশি ট্রিপ ও ডেলিভারি সম্পন্ন হলেও— এআই এজেন্টের মাধ্যমে রাইড বুক করা হয়েছে মাত্র ৪টি। এবং উবার ইটস-এ খাবার অর্ডার করা হয়েছে মাত্র প্রায় ৫০০টি।
উবারের প্রধান নির্বাহী দারা খসরুশাহী জানান, এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে এআই এজেন্ট ব্যবহারের ট্রেন্ডটি বর্তমানে অত্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর মাধ্যমে খুব সীমিত পরিসরে ট্রাফিক আসছে। সাধারণ ব্যবহারকারীরা এখনও সরাসরি উবার অ্যাপ ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
তবে প্রযুক্তিগত এই ধীরগতি সত্ত্বেও উবার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। কোম্পানিটি মনে করছে, সামনের দিনে বাজারে এআই অ্যাসিস্ট্যান্টের সংখ্যা আরও বাড়লে এটি সামগ্রিক প্ল্যাটফর্মের চাহিদা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। বর্তমানে বাজারে বড় আকারের প্রায় আটটি এআই অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে জানিয়েছে উবার।



