টেকসিঁড়ি রিপোর্ট : অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) বাংলাদেশের প্রতিনিধিত্ব বাছাইয়ের লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬’-এর জাতীয় পর্ব। ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর আয়োজনে প্রতিযোগিতা শেষে ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য, ১০টি ব্রোঞ্জ এবং ৩টি কারিগরি (টেকনিক্যাল) পদক প্রদান করা হয়।
বিজয়ীদের তালিকা
ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি
- জুনিয়র গ্রুপ: সিলভার—ওয়াদি বিনতে হাবিব ও ওয়ারিদ বিন হাবিব (সানিডেল স্কুল); ব্রোঞ্জ—জুবাইদাহ জাফরিন (মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ)।
- সিনিয়র গ্রুপ: গোল্ড—নুসাইবা তাজরিন তানিশা (ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়); সিলভার—মুয়াজ ইবনে বাশার (ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ); ব্রোঞ্জ—নাফিয়া বাসার সুহানী (মোহাম্মদপুর প্রিপারেটরি), মোহাম্মদ জারিফ বিন সালেক ও সস্মিত বনিক (ঢাকা রেসিডেন্সিয়াল); টেকনিক্যাল পদক—রাইয়ানা রুফাইদা (ভিকারুননিসা নূন) ও মো: আয়ান রহমান (ঢাকা রেসিডেন্সিয়াল)।
রোবটিকস কুইজ ক্যাটাগরি
- জুনিয়র গ্রুপ: গোল্ড—মুহতাদী মাহরুস ওয়াহীদ (জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ); সিলভার—মোঃ তৌফিক হাসান (সেইন্ট জোসেফ) ও আজমান রসুল রিহান (আইডিয়াল স্কুল); ব্রোঞ্জ—ফাতিন হাসনাত সোয়াদ (আদমজী ক্যান্টনমেন্ট)।
- সিনিয়র গ্রুপ: গোল্ড—মোঃ মাহিদ জামান (সেইন্ট জোসেফ); সিলভার—মো: আজফার হক আবির (রাজউক উত্তরা মডেল); ব্রোঞ্জ—আকরামুল ইসলাম (মাইলস্টোন কলেজ) ও আরিব জামান রাতব (গ্লেনরিচ ইন্টারন্যাশনাল)।
ক্রিয়েটিভ ও মিশন চ্যালেঞ্জ ক্যাটাগরি
- ক্রিয়েটিভ (জুনিয়র): ব্রোঞ্জ—মুহতাসিম মাহির, মোঃ আব্দুল্লাহীল আলীম ও মুনাওয়ার হিসান (এমেরাল্ড ইন্টারন্যাশনাল)।
- ক্রিয়েটিভ (সিনিয়র): সিলভার—জাইমা যাহিন ওয়ারা (উইলিয়াম কেরি একাডেমি)।
- মিশন চ্যালেঞ্জ (সিনিয়র): টেকনিক্যাল পদক—নুসাইবা তাজরিন তানিশা (ওয়াইডাব্লিউসিএ)।

আন্তর্জাতিক মঞ্চের প্রস্তুতি ও ভিয়েনায় যাত্রা
এবারের আইআরও-এর মূল প্রতিপাদ্য ‘কালচারাল হেরিটেজ সার্ভিস রোবট’। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে দুই দিনব্যাপী আবাসিক ক্যাম্প আয়োজন করা হবে। সেখান থেকে সেরা পারফর্ম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত জাতীয় দল গঠন করা হবে, যারা ২০২৭ সালের জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া বলেন, আইসিটি বিভাগ ভবিষ্যতে এ প্রতিযোগিতা সারাদেশে বিস্তৃত করতে কাজ করবে। অনুষ্ঠানে ইউএপি-এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আহমেদ ভূঁইয়া, বিডিওএসএন সভাপতি মুনির হাসান ও আইআরও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ এ পর্যন্ত বিশ্বমঞ্চে ১৫টি স্বর্ণসহ মোট ৯৪টি পদক অর্জন করেছে। এবারের আয়োজনে হোস্ট পার্টনার ইউএপি, গোল্ড স্পনসর উলকাসেমি এবং মূল পৃষ্ঠপোষকতায় ছিল আইসিটি বিভাগ ও আইসিটি অধিদপ্তর।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, এবারের প্রতিযোগিতার জন্য গত ১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন চলে। এই সময়ে দেশের ৮ বিভাগে ১২টি রোবোটিকস কর্মশালার মাধ্যমে প্রায় ১৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রশিক্ষকেরা। গত ২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত হয় অনলাইন বাছাই পর্ব, সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরাই এবার জাতীয় পর্বে অংশ নেয়।



