টেকসিঁড়ি রিপোর্ট : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের ব্যাপক চাহিদার সুবাদে স্যামসাং ইলেকট্রনিকস তাদের এ বছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে স্যামসাংয়ের অপারেটিং মুনাফা প্রায় ৯ গুণ বেড়ে রেকর্ড ১০৭.৪ ট্রিলিয়ন কোরিয়ান ওনে (প্রায় ৮০ বিলিয়ন মার্কিন ডলার) পৌঁছেছে। গত বছরের একই সময়ে এই মুনাফা ছিল মাত্র ১২.২ ট্রিলিয়ন ওন।
স্যামসাং ইলেকট্রনিক্স বৃহস্পতিবার জানিয়েছে যে, তারা আগামী বছর এআই-চালিত মেমরি চিপের ঘাটতি আরও বাড়ার আশঙ্কা করছে।
বিশ্বজুড়ে এআই প্রযুক্তির প্রসারের কারণে উন্নত মেমরি চিপ ও এআই চিপের তীব্র চাহিদা এবং সরবরাহ সংকট থাকায় চিপের উচ্চমূল্য এই রেকর্ড মুনাফা অর্জনে বড় ভূমিকা রেখেছে।
কোম্পানিটি এর আগে জানিয়েছিল যে, এই বছরের শেয়ারহোল্ডারদের মোট রিটার্ন ৯০ ট্রিলিয়ন থেকে ১১০ ট্রিলিয়ন ওনের মধ্যে হবে, যার মধ্যে তৃতীয় ত্রৈমাসিকের লভ্যাংশ হিসেবে ৩০ ট্রিলিয়ন ওন অন্তর্ভুক্ত।
কিন্তু এআই থেকে অর্জিত বিপুল মুনাফা শেয়ারহোল্ডারদের ফেরত দেওয়ার পরিকল্পনা সম্পর্কে বিশ্বের শীর্ষ মেমরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির কাছ থেকে নতুন কোনো তথ্য না পাওয়া এবং চিপ থেকে আয় উচ্চ প্রত্যাশার চেয়ে সামান্য কম হওয়ায় বিনিয়োগকারীরা হতাশ হয়েছেন, যার ফলে এর শেয়ারের দাম ৬ শতাংশের বেশি কমে গেছে।
স্যামসাং জানিয়েছে, আগামী বছর চিপের সরবরাহ ঘাটতি আরও তীব্র হতে পারে, যা বাজারের চাহিদা বজায় রাখবে। একই সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এসকে হাইনিক্সও শক্তিশালী আয়ের পূর্বাভাস দেওয়ায় বিনিয়োগকারীদের মাঝে এআই খাতের স্থায়িত্ব নিয়ে থাকা শঙ্কা অনেকটাই কেটে গেছে।
স্যামসাং-এর প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্স বুধবার প্রত্যাশার চেয়ে ভালো আয়ের প্রতিবেদন প্রকাশ করার পর এবং এই বছর শেয়ারহোল্ডারদের প্রায় ৭৫ বিলিয়ন ডলার ফেরত দেওয়ার পরিকল্পনা জানানোর পর শেয়ার হোল্ডারদের আশা বেড়ে গিয়েছিল।
বিএনকে ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক লি মিন-হি বলেন, “এসকে হাইনিক্স প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো করেছে… এটি বাজারের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে, কিন্তু স্যামসাং ইলেকট্রনিক্স আগে দেওয়া তাদের পূর্বাভাসে তেমন কোনো পরিবর্তন আনে নি।”
তবে, স্যামসাং এসকে হাইনিক্সের আশাবাদী দৃষ্টিভঙ্গির প্রতিধ্বনি করেছে, যা এআই-চালিত চিপের আয় কমে যাওয়ার বাজারের উদ্বেগ কমাতে সাহায্য করেছে।



