টেকসিঁড়ি রিপোর্ট : নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ ৪ বছর আগে ভারত সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়ার পর, অবশেষে স্থানীয় নিয়ম মেনে নতুন রূপে বাজারে ফিরল জনপ্রিয় মোবাইল গেম ‘ফ্রি ফায়ার’।
গেমটির নির্মাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরভিত্তিক ‘গ্যারেনা’ ভারতের বাজারের জন্য বিশেষভাবে তৈরি লোকাল সংস্করণ ‘ফ্রি ফায়ার ইন্ডিয়া’ লঞ্চ করেছে।
ব্যবহারকারীদের ডেটা সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে সম্পূর্ণ ডেটা ভারতের অভ্যন্তরীণ লোকাল ক্লাউড সার্ভারেই সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে।
গেমের অতিরিক্ত আসক্তি রোধ করতে এবং সুস্থ গেমিং পরিবেশ বজায় রাখতে নতুন ‘প্লে ইট রাইট’ ওয়েলনেস প্রোগ্রাম চালু করা হয়েছে। এর আওতায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন সর্বোচ্চ ৬ ঘণ্টা এবং ১৮ বছরের কম বয়সীদের জন্য প্রতিদিন সর্বোচ্চ ৩ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট রেজিস্টার করতে হলে অভিভাবকের মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করা বাধ্যতামূলক করা হয়েছে।
গেমটির এই প্রত্যাবর্তন উপলক্ষে ভারতের বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে একটি বিশেষ দীপাবলি ক্যাম্পেইন চালু করা হয়েছে, যা ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। এছাড়া বাজেট ফ্রেন্ডলি ডিভাইসে সাবলীলভাবে খেলার উপযোগী করে গেমটির সাইজ ও অপ্টিমাইজেশন করা হয়েছে।
গ্যারেনার এই প্রত্যাবর্তনের ফলে ভারতের মোবাইল গেমিং বাজারে বিশেষ করে ক্রাফটনের (Krafton) ‘ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’ (BGMI)-এর সাথে নতুন করে তীব্র প্রতিযোগিতার তৈরি হয়েছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে গেমটি ডাউনলোড করা যাচ্ছে।



