টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার গুলশান ক্লাবে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম. এ. জব্বার।
উদ্বোধনী বক্তব্যে সভাপতি এম. এ. জব্বার সংগঠনের বিগত এক বছরের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন। তিনি বাংলাদেশে দক্ষ সেমিকন্ডাক্টর জনশক্তি তৈরি, গবেষণা ও উদ্ভাবন বৃদ্ধি, আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারে বাংলাদেশকে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এজিএম-এর মূল সিদ্ধান্তসমূহ
- কার্যবিবরণী অনুমোদন: ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ১ম এজিএম-এর কার্যবিবরণী আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।
- প্রতিবেদন ও হিসাব অনুমোদন: ২০২৫ – ২০২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন, আর্থিক হিসাব এবং নিরীক্ষা (অডিট) প্রতিবেদন বিবেচনা ও অনুমোদন করা হয়।
- নিরীক্ষক নিয়োগ: ২০২৬ – ২০২৭ অর্থবছরের জন্য নতুন নিরীক্ষক নিয়োগ চূড়ান্ত করা হয়।
সভায় সংগঠনের ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মোজাহেদুল হক আবুল হাসানাত বিগত অর্থবছরের আর্থিক ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া পরিচালক মুনির আহমেদ ও কামরুল আহসান দেওয়ানজী আলোচনায় অংশ নেন।
২০৩০ সালের সমন্বিত রোডম্যাপ প্রস্তাব
সভায় অংশগ্রহণকারী সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দেশের সেমিকন্ডাক্টর খাতের বিকাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। বিশেষ করে, আন্তর্জাতিক প্রযুক্তি ইভেন্টে অংশগ্রহণ, নতুন বৈশ্বিক বাজার অনুসন্ধান এবং সেমিকন্ডাক্টর শিল্পের সার্বিক উন্নয়নে সরকারে কাছে উপস্থাপনের জন্য ২০৩০ সালকে লক্ষ্য ধরে একটি সমন্বিত ইন্ডাস্ট্রি রোডম্যাপ প্রণয়নের তাগিদ দেওয়া হয়।
এজিএমে নিউরাল সেমিকন্ডাক্টর, উলকাসেমি, তাফুরি টেকনোলজিস, আইটেস্ট বাংলাদেশ, সিলিকোনোভা, ডায়নামিক সল্যুশন ইনোভেটরস, বালু টেকনোলজিস, প্রাইম সিলিকন, ক্যাকটাস ম্যাটেরিয়ালস, ক্রান্তি অ্যাসোসিয়েটস, এসিআই সেমিকন্ডাক্টর, এডিএন সেমিকন্ডাক্টরস এবং সিলিকন অ্যারে-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সদস্যদের গঠনমূলক মতামত বাংলাদেশে একটি শক্তিশালী ও বৈশ্বিকভাবে সংযুক্ত সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ার যৌথ প্রতিশ্রুতি প্রকাশ করে।



