টেকসিঁড়ি রিপোর্ট : দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর তেজগাঁওয়ের নভোথিয়েটারে শনিবার , ২৫ জুলাই সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের উদ্বোধন করেন তিনি।
দেশে সেমিকন্ডাক্টর প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা , রোবোটিক্স এবং বায়োটেকনোলজির মতো উদীয়মান প্রযুক্তি খাতের বিকাশ ও বৈশ্বিক বিশেষজ্ঞদের সঙ্গে বিনিময়ের লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রযুক্তিনির্ভর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্প একটি কৌশলগত খাত হিসেবে গুরুত্ব পাচ্ছে। ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারের আকার প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। এই বড় বাজারে বাংলাদেশের অংশীদারত্ব নিশ্চিত করতে ইতিমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি সম্মেলনকে দেশের প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নির্মাতাদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। বিশ্বের বিভিন্ন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৩ হাজারের বেশি বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞের অভিজ্ঞতা কাজে লাগাতে সরকার কাজ করছে বলেও জানান।
সরকারি প্রণোদনার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সেমিকন্ডাক্টর শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও প্রযুক্তি আমদানিতে শুল্ক ও কর ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সেবা রপ্তানিতে নগদ প্রণোদনা চালু রয়েছে। উদ্ভাবনী প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এ ছাড়া হাইটেক পার্কগুলোর আধুনিকায়ন এবং বিশেষায়িত সেমিকন্ডাক্টর অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, আইসিটি বিভাগের উপদেষ্টা রেহান আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব এম আনোয়ার হোসেন এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ জব্বার।
এ আয়োজনে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, প্রকৌশলী এবং তথ্য-প্রযুক্তি খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।
সম্মেলনের মূল কী-নোট উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক কৌশল প্রণয়ন উদ্যোগের আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হুসাইন।
আরো পড়ুন
কাল থেকে শুরু ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট , চলছে নিবন্ধন


